
প্রকাশিত,০২, জুলাই,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে শেরপুরে লকডাউন কার্যকরে প্রথম দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ১৬টি টিমের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী পরিচালিত ওইসব অভিযানে শেরপুর সদরসহ ৫ উপজেলায় মোট ১৭৬টি অভিযানে ৮৬ মামলায় ৫২ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শেরপুর সদর উপজেলায় ৫টি ভ্রাম্যমাণ আদালতের ৫৭টি অভিযানে ৩৯টি মামলায় ৩৭ হাজার ৩৭০ টাকা, নকলা উপজেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের ৩১টি অভিযানে ১৯টি মামলায় ৬ হাজার ৩শ টাকা, নালিতাবাড়ী উপজেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের ৩২টি অভিযানে ১১টি মামলায় ৩ হাজার ৮৫০ টাকা, শ্রীবরদী উপজেলায় ২টি ভ্রাম্যমাণ আদালতের ২৯টি অভিযানে ৬টি মামলায় ২ হাজার ৯শ টাকা ও ঝিনাইগাতী উপজেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের ২৭টি অভিযানে ১১টি মামলায় ১ হাজার ৬শ টাকাসহ জেলায় মোট ৫২ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম জানান, জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশীদের দিক-নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে ওইসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সহযোগিতা করেছেন। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং বিনা কারণে ও মাস্ক ছাড়া শহরে বিচরণ করায় পৃথক পৃথক মামলায় ওইসব জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, সরকারঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ৭ জুলাই পর্যন্ত জেলা লকডাউন কার্যকরে ওই অভিযান অব্যাহত থাকবে।


