
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর লালমনিরহাট জেলা সফর উপলক্ষে শহরের রেললাইন ও সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় এ বিশেষ ক্লিনিং কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় রেললাইনের আশপাশ এবং সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাটের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল রাখা।
সচেতন মহলের মতে, বিশেষ কোনো আয়োজনকে কেন্দ্র করে নয়, বরং জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পথ আরও সুগম হবে।



