
প্রকাশিত
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌতার পাড়া গ্রামের মো. মামুন মিয়া (৪১) পেশায় একজন ব্যবসায়ী। কালীগঞ্জ থানাধীন মূলগাঁও বাইপাস মূলগাঁও দাখিল মাদ্রাসার সামনে তার একটি তেলের দোকান রয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ১নং বিবাদী আমজাদ হোসেনসহ অন্যান্য বিবাদীরা মামুনের দোকানে এসে বাড়ির ওয়ারিশের জায়গা-জমিসংক্রান্ত বিষয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তার হাতে থাকা লোহার রড দিয়ে মামুনের মাথায় আঘাত করে ফোঁটা রক্তাক্ত ও গুরুতর জখম করেন।
এছাড়া অন্য বিবাদীরা লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং মামুন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ১নং বিবাদী দোকান থেকে তেল বিক্রয়ের নগদ ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় এক অজ্ঞাতনামা অটোচালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শের-ই-বাংলা নগরের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’-এ রেফার্ড করেন।
আহত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কিছুটা বিলম্ব হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে বলে জানান বাদী। বর্তমানে বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী ও খারাপ প্রকৃতির হওয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



