
প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষক সম্মাননা স্মারক-২০২৬ লাভ করেছেন দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র ইংরেজি শিক্ষক মো. শাফায়েত হোসেন।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই অনন্য অর্জনে মো. শাফায়েত হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ এই শিক্ষক ইতিপূর্বেও তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে দেশসেরা ২য় স্থান অর্জন করার গৌরব লাভ করেছিলেন।
কৃতি এই শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত চমৎকার ও বহুমুখী। তিনি গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। মেধার ধারাবাহিকতায় তিনি কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ও এমএড সম্পন্ন করেন। এছাড়া আইন পেশার সাথে যুক্ত হতে তিনি কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষার্থীবৃন্দ। শাফায়েত হোসেনের এই সাফল্যে দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।



