print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ই আগস্ট) গফরগাঁও পৌরসভার জামতলা মোড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
একই সঙ্গে নব-রোপিত গাছের সুরক্ষায় ফেন্সিং স্থাপন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

একটি বাসযোগ্য ও সবুজ গফরগাঁও গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, গফরগাঁও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।