
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা রাখা হবে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং পুলিশি টহল জোরদার করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়সহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা কমিটি ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবার চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



