
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন, এনজেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইন প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজেদের অবস্থান ধরে রাখার আহ্বান জানান।



