
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএম-এর উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা দল। গৌরবময় এ সাফল্যে বিজয়ী দলের খেলোয়াড়দের ফুলেল সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) লালমনিরহাট পুলিশ লাইন্সে বিজয়ী দলের খেলোয়াড়দের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সেন, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিজয়ী দলের টিম ম্যানেজার, কোচ ও খেলোয়াড়সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের অসামান্য ক্রীড়ানৈপুণ্য ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাদের এই অর্জনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা।
তিনি আরও বলেন, ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় বাছাই করা।
তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই অর্জন লালমনিরহাট জেলার জন্য গর্বের। এ ধরনের সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানটি বিজয়ী খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা ও ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।



