
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে জেলা প্রশাসক কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় পাটগ্রাম উপজেলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে নবাবের হাট আদর্শ ক্লাব।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় তিনি লালমনিরহাটে ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।
ত্রাণমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। লালমনিরহাটে সব ধরনের খেলাকে অগ্রাধিকার দিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।
সেমিফাইনালের এ খেলাকে ঘিরে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



