
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানা এলাকার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের গ্রেপ্তারকৃত এক ব্যক্তির বসতবাড়ির আঙিনায় অবস্থিত একটি টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় ঘরটির ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাহিমুল হক রানা (২৬), পিতা মো. আবুল হোসেন এবং মো. আমিনুল ইসলাম (৩০), পিতা মৃত সাজু মিয়া। তাঁরা দুজনই ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।



