print news || Dailydeshsomoy

প্রকাশিত

স্টাফ রিপোর্টার:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। সার্বিকভাবে দেশের সব শিক্ষা বোর্ডেই গত বছরের তুলনায় পাসের হার কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। অপরদিকে, বরিশাল বোর্ডে সর্বনিম্ন ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৬ শতাংশ পয়েন্টে। গত বছর এ ব্যবধান ছিল ১৫ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট।

কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও

পাসের হারের পাশাপাশি এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯ জন।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। গত বছর ছাত্রদের মধ্যে ৩২ হাজার ৫৩ জন এবং ছাত্রীদের মধ্যে ৩৭ হাজার ৪৪ জন জিপিএ-৫ পেয়েছিলেন।

অন্যান্য শিক্ষা বোর্ডের ফলাফল

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

এসব বোর্ডের প্রতিটিতেই গত বছরের তুলনায় পাসের হার কমেছে।

অন্যদিকে, সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, যা গত বছরের ৬২ দশমিক ৬৭ শতাংশের তুলনায় কম।

১১ বোর্ডে সামগ্রিক পাসের হার ৫২.১২ শতাংশ

নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—এই ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ সার্বিক পাসের হারও কমেছে।

এদিকে, চলতি বছর প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিটি শিক্ষা বোর্ডের জন্য আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।