print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুয়েলার্সের দোকানে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকার বিক্রির অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জ্বল কুমার সাহা (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টা থেকে ২০ মে ভোর ৪টা ৪৫ মিনিটের মধ্যে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার কাঠিহারপাড়া প্রসাদপুর গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।

চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ও জানালার একটি পাল্লা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকার, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ৭ জুন মামলা নম্বর-৫ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকা দুই আসামি মো. আরিফুল ইসলাম ভুট্টা (৩৪) ও সাকিব (২৭)-কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরি করা স্বর্ণালংকার চৌডালা বাজারের শাহ জুয়েলার্সে বিক্রি করার কথা জানায় বলে পুলিশ দাবি করেছে। পরে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেকের নেতৃত্বে গোমস্তাপুর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে জুয়েলার্সের মালিক উজ্জ্বল কুমার সাহাকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪টি নকশাবালা, ২টি বেনজবালা ও ২টি চুড়িবালা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মোট ওজন ১৫ আনা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রিমান্ডে থাকা দুই আসামি পেশাদার চোর এবং বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার উজ্জ্বল কুমার সাহাকে গোমস্তাপুর থানার মামলায় আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।