
প্রকাশিত, ২২-১২-২০২০
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি ঃ
অদ্য ২২/১২/২০২০ ইং রোজ মঙ্গলবার বেলা ১১.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সহযোগিতা থাকবে।


