print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পাওয়া ৮৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতের পথচলায় উৎসাহ জোগাবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. লতিব মাসুম, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, তাদের এ সাফল্য গলাচিপার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গলাচিপা উপজেলায় মোট ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। তাদের সাফল্যকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।