print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদকঃ

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ নারীচালিত ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত এ বিশেষ বাসসেবায় চালক ও কন্ডাক্টর—উভয় দায়িত্বই পালন করবেন নারীরা।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই নারীচালিত ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে।
তিনি জানান, এ উদ্যোগ শুধু নারীদের যাতায়াতকে নিরাপদ করবে না, বরং পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বৃদ্ধি করবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি করা হবে।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, নারী যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই বাসসেবা ব্যবহার করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।

সংশ্লিষ্টরা জানান, অতীতে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। তবে আধুনিক ব্যবস্থাপনা ও নারীচালিত পরিচালনা কাঠামোর মাধ্যমে নতুন এই ‘পিংক বাস’ সার্ভিস নগরীর নারী যাত্রীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবহন খাতের সংশ্লিষ্টরা।