print news || Dailydeshsomoy

প্রকাশিত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক ও দলিলমূলে মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মিজানুর রহমান মিজান নামে এক ব্যক্তি। 

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার মিজান সাংবাদিকদের সঙ্গে ঘটনার বর্ণনা করেছেন।

ভুক্তভোগী মিজানুর রহমানের দাবি, মাওনা উত্তরপাড়া এলাকার একটি জমির তিনি ও তার কয়েকজন বোন পৈত্রিক সূত্রে এবং তার স্ত্রী-সন্তানরা দলিলমূলে মালিক ও দখলকার। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে এর আগে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়াও তিনি দাবি করেন মসজিদের নাম করে জমি দখল করেছেন,অথচ জমি ওয়াকফ করেনি। জোরপূর্বক জমি নেয়ার পায়তারা করছেন। দলিল কাগজের কথা মানতে রাজি নন অভিযুক্তরা।

লিখিত অভিযোগে আরোও বলা হয়, অভিযুক্তরা পূর্বে জোরপূর্বক ওই জমিতে একটি মসজিদ নির্মাণ করেছেন। গত ১৫ আগস্ট সকালে তারা জমিতে স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট-বালু এনে জমি দখলের চেষ্টা করেন। এ সময় অভিযোগকারী বাধা দিলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় পুনরায় বাধা দিতে গেলে হামলা, মারধর বা খুন-খারাবিসহ আইনশৃঙ্খলার অবনতি ও শান্তিভঙ্গের আশঙ্কা করছেন অভিযোগকারী। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন,মাওনা উত্তরপাড়ার মৃত জুবেদ আলীর ছেলে আঃ সাত্তার (৪৮), মো. সহিদুল্লাহ শহিদ (৪২), আয়েত উল্লাহ (৩৮) ও মো. আসাদ উল্লাহ (৩২)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগে ওঠা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তরা ঘটনা অস্বীকার করেন, এছাড়াও এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মো. মিজানুর রহমান মিজান। শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি,একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।