print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাছানুল বান্না গণসংযোগ করেছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কেকানিয়া ও তালার বাজারসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন হাছানুল বান্না। তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার কথা জানান।

গণসংযোগকালে হাছানুল বান্না বলেন, “আমি ইউনিয়নের মানুষের কাছে যাচ্ছি, তাঁদের কথা শুনছি এবং প্রত্যাশা জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে মানুষের সঙ্গে পরামর্শ করে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, সুকতাইল ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. মুছা মোল্লা বলেন, “আমরা চাই, যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন, তিনি যেন সাধারণ মানুষের পাশে থাকেন এবং এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখেন।”

নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন হাছানুল বান্নার কর্মী-সমর্থকেরা।