print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক আসামিকে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে আটক করে। পুলিশের দাবি, হামিদুলের বিরুদ্ধে পূর্ব থেকে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।
আটকের পর তাকে থানায় নেওয়ার পথে হামিদুলের স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও তাদের পৌঁছানোর আগেই পরিস্থিতির অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার চাপে পুলিশ আটক হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “হামিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। তাকে আটক করতে গিয়ে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং মব সৃষ্টি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”