
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, লালমনিরহাটের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে মৎস্য উৎপাদনে আরও এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষিদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। সরকারের বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির ফলে মৎস্যচাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মৎস্যসম্পদ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধিমূলক নানা কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



