
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে আজ ১৭ জুলাই শুক্রবার সদর উপজেলার পৌর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি অসহায় পরিবারের মাঝে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের বিশেষ নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে এই সহায়তার হাত বাড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, রাতে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের খোর্দ সাপটানা গ্রামের বাসিন্দা ১. মো: জিয়ারুল (পিতা: আ: মজিদ), ২. জেন্না বেগম (পিতা: সানাউল্লা) এবং ৩. আশরাফুল হক (পিতা: ইয়াছিন)-এর বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পরিবার তিনটির ঘরবাড়ি ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ এই ক্ষয়ক্ষতির খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের সদয় নির্দেশনায় আজ ১৭ জুলাই ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন, শুকনো খাবার এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালমনিরহাট পৌরসভার প্রশাসক জনাব মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং দুর্যোগ ও যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



