print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রনি নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল হক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রনি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল হক মিয়ার বাড়িটি নিহত রনির নানা শ্বশুরের বাড়ি।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি গতকাল রাতে ঘটলেও নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয় আজ সকাল ১০টার দিকে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে রনির মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

এদিকে, রনির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।