
প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি ঃ
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মূল্য পুনর্নির্ধারণের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। অর্থাৎ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে ভোক্তারা নতুন দামে জ্বালানি তেল কিনছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।
দাম বাড়ানোর কারণ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে দীর্ঘ সময় দাম পুরোপুরি সমন্বয় করা হয়নি।
বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের কারণে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা এবং এতে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার ফলে পরিবহন খরচসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



