print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

সমবায় খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে একই দিনে অনুষ্ঠিত হয়েছে ‘সমবায় সমিতি আইন ও বিধিমালা’ বিষয়ক দিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ এবং এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ মঙ্গলবার জেলা সমবায় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​দুটি পৃথক আয়োজনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার। আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সমবায়ীদের মানসম্মত সেবা পৌঁছে দিতে আইন ও বিধিমালার সঠিক প্রয়োগের কোনো বিকল্প নেই। আইন-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা সফল করতে ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় পরিচালিত পরিবেশবান্ধব এই উদ্যোগকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

​সমবায় প্রশিক্ষণে জেলা সমবায় অফিসার মাহবুবুল ইসলাম মাঠপর্যায়ে আইন ও বিধিমালার বাস্তব প্রয়োগ এবং আইনি সমাধান নিয়ে মূল বিষয় উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণ ও গতিশীলতা বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির দিকনির্দেশনায় এবং সমবায় বিভাগের তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ শুরু হয়, যা জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক (কৃষিজ শিল্প) সাইয়্যেদাতুন নেছা এবং সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মাসুদ পারভেজ।

​বৃক্ষরোপণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুধীর চন্দ্র রায় এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান নাজিরা বেগম। এ সময় সদর উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহীসহ স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা চারা বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন।