
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি:
চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাবিবউল্লাহ চেয়ারম্যান বাড়িতে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় একটি মামলা রুজু করে।
মামলা দায়েরের পর শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উক্ত এলাকার মৃত হাসান আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নম্বর-২৭, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩১০)।
গ্রেপ্তারকৃত আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



