
প্রকাশিত
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপনসংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ হয়েছে। ফলে সদর দপ্তর স্থাপনের কার্যক্রমে হাইকোর্টের জারি করা দুই মাসের স্থিতাবস্থা বহাল থাকছে।
শুনানি ৪ : ১০/০৮/২৬ আদালত নং ১ (COURT NO. 1)বিচারকগণ: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব।ফলাফল: স্থিতাবস্থা বজায় রেখে নিষ্পত্তি করা হয়েছে (Disposed of status quo)।
উল্লেখ্য এর আগে গত ২৬ জুলাই হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় স্থাপনের কার্যক্রমে দুই মাসের স্থিতাবস্থা জারি করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করা হয়।
রিট আবেদনে দাবি করা হয়, মাঠপর্যায়ে নিরপেক্ষ সমীক্ষা ও স্থানীয় জনমত গ্রহণ ছাড়াই সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। ভৌগোলিক কেন্দ্রিকতা, প্রশাসনিক সুবিধা, যোগাযোগব্যবস্থা ও জনস্বার্থের বিষয়গুলোও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১ জুলাই নিকার সভায় গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। পরে ৮ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনের সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মতবিরোধ দেখা দেয়।
পাগলা থানা সংলগ্ন এলাকায় উপজেলা সদর স্থাপনের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে।
আপিল খারিজের ফলে এখন রিটের চূড়ান্ত শুনানির দিকে তাকিয়ে আছেন দক্ষিণ গফরগাঁও এলাকার বাসিন্দারা।



