print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের ঢলে বন্যার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রম জোরদার করতে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে ইমার্জেন্সি ওয়াটার রেসকিউ সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের হাতে এসব সরঞ্জাম তুলে দেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। চীন সরকারের সহায়তায় প্রাপ্ত এ উদ্ধার সামগ্রী স্থানীয় পর্যায়ে বন্যা মোকাবিলা ও জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে।

হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি রাবার বোট ও ইঞ্জিন, ১০টি লাইফ ভেস্ট, ২০টি রেড ক্রিসেন্ট ভেস্ট, দুটি রেসকিউ রোপ, দুটি রেসকিউ রোপ ব্যাগ এবং পাঁচ জোড়া গ্লাভস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা) এবং ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সারোয়ার আলম। এছাড়া মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসিসহ দুর্যোগ সাড়াদান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিআরসিএস জানায়, বন্যাপ্রবণ এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, স্থানীয় ইউনিটগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুতি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সোসাইটির দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।