নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা,


deshsomoy প্রকাশের সময় : ২০২৫-১১-১৭, ১:২৯ অপরাহ্ন /
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয় দিনজুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৩০ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করলেও নির্বাচনের সময় সংখ্যা বাড়িয়ে এক লাখে নেওয়া হবে। পাশাপাশি মাঠে থাকবে প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং আনুমানিক সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য। আনসারদের জন্য আধুনিক অস্ত্র ও বডিক্যাম সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।

নির্বাচন পরিবেশ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।’

সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এ দেশে কোনো তিনজন মানুষ সরকারের পতন ঘটায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পরিবর্তন এসেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে- এটি জনগণের রায়ের প্রতিফলন।’

তিনি আরো জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে। এ কারণে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে, রোজার আগেই অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ড বেইস, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। রাত্রীযাপনের পর আগামীকাল বরিশাল হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।