print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর বিজয় ঘোষণা করেন।

নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে দেখা যায়, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট, আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে বিপুল ভোটের ব্যবধানে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর জাতীয় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান এবং করমর্দনের মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেন।
পরে সরকারি ও বিরোধী দলের সদস্যরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে।

নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।