print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, সঠিক তথ্য সংরক্ষণ ও মানসম্মত সেবা নিশ্চিত করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ।

জুলাই ২০২৬ মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ কৃতিত্ব অর্জন করে ইউনিয়ন পরিষদটি। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন, পটুয়াখালীর পক্ষ থেকে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পরিষদটিকে সম্মাননা প্রদান করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের ডিসেম্বর থেকে সম্মাননা স্মারক ও পদক প্রদান কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ নিয়মিতভাবে নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সেবার মান বজায় রেখে আসছে। এ পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের ১৮টি জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পরিষদটি সম্মাননা স্মারক পেয়েছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা নির্ধারিত সময়ে এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রদান করা হচ্ছে। জনগণ যাতে হয়রানি ছাড়াই সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এ সাফল্যের পেছনে ইউনিয়ন পরিষদের সচিব মো. মজিবুর রহমানের দক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিক ভূমিকার কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনের এ স্বীকৃতিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করবে।