print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটের ঐতিহ্যবাহী চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষা অবকাঠামো নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। নতুন এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও ঠিকাদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নিশাদ হোসেন, জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আধুনিক কম্পিউটার ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
পরে অতিথিরা নতুন কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।