
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করতে গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘Cyber Smart Girls Initiative 2026’ শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিদ্যালয়ের দুই শিফটে টেক পূণ্যের আয়োজনে এ সেশনে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
সেশনে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার হয়রানি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
তাঁরা শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।
সেশন পরিচালনা করেন টেক পূণ্যের অন্যতম সদস্য ও Host Youth Awareness Champion তানজিলা অহনা। বক্তব্য দেন টেক পূণ্যের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, অন্যতম Advisor রাজিবুল ইসলাম ইমন এবং দলের সদস্য অমিত গাঈন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য, ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখা জরুরি। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ, সন্দেহজনক লিংকে প্রবেশ এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সেশন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে সেশনে আলোচিত বিষয়গুলো শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, তা যাচাই করা হয়।
আয়োজকেরা জানান, ‘Cyber Smart Girls Initiative 2026’-এর লক্ষ্য কিশোরীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তোলা। এ কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেশন, কুইজ ও প্রশিক্ষণের আয়োজন করা হবে।



