
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।
‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম এবং অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল মতিন, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিমন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



