print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এবং ‘মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হিমেল খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আদিল, ইয়াছিন, মাসুদ, রাসেলসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম (বুলবুল)।

প্রধান অতিথির বক্তব্যে মো. সফিকুল ইসলাম সফিক বলেন, বর্তমান যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এবং নিজের ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের দিকনির্দেশনায় কালীগঞ্জকে মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি নিজেও একজন ক্রীড়ানুরাগী। বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী দিয়ে উৎসাহ জুগিয়েছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় নিজেদের সম্পৃক্ত করবে।