
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সম্মাননার সনদ গ্রহণ করেন।
শংকর হাওলাদার দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। তিনি নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
তার কর্মদক্ষতা ও অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি আসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে। তার দায়িত্বাধীন রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে গলাচিপা উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি দায়িত্ব পালন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেলেন তিনি। তার এ অর্জন গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



