
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা মিশন মোড় গোলচত্বরের চারপাশে ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনা করছেন ভাসমান হকাররা। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের সড়কের দুই পাশের ফুটপাতের বড় একটি অংশ দখল করে বসানো হয়েছে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট। ফলের দোকান, চায়ের স্টল, চটপটি-ফুচকার দোকানসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভাসমান ব্যবসায়ীরা। কোথাও কোথাও অস্থায়ী স্থাপনা তৈরি করে ফুটপাতের জায়গা দখল করে রাখা হয়েছে।
ফলে পথচারীদের হাঁটার জন্য নির্মিত ফুটপাতগুলো কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে একদিকে যেমন পথচারীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সড়কে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে মিশন মোড় এলাকায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয়দের মতে, মিশন মোড় লালমনিরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষের চলাচলের জন্য ফুটপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এলাকাবাসীর দাবি, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত থেকে অবৈধ দখল ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা জরুরি। একই সঙ্গে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার ব্যবস্থা করে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি প্রয়োজন।
সচেতন মহল মনে করছেন, সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং নিয়মিত নজরদারির মাধ্যমে মিশন মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করা সম্ভব। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পথচারীদের দুর্ভোগ কমার পাশাপাশি শহরের যান চলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।



