
প্রকাশিত
রংপুর প্রতিনিধ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক হাম (Measles) রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সূত্র জানায়, হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বহুমাত্রিক মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রেজওয়ানা ইসলাম লুনা, সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় বক্তারা বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। এর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি জোরদার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ জানান, দুর্যোগ, মহামারি ও জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তারা নিয়মিত মানবিক সেবা দিয়ে আসছেন। হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।



