print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, অক্টোবর,২০২২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া শতবর্ষের পুরনো রাস্তায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে চারটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রামে এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে অবরুদ্ধ লোকজন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী বাজারের উত্তর পাশে আরিফের বাড়ি থেকে ইটের রাস্তা দিয়ে প্রায় দুই শতাধিক লোকজন চলাফেরা করেন। পারিবারিক বিরোধের কারণে জয়নাল, প্রবাসী আব্দুস সালামের স্ত্রী শিল্পী বেগম এবং আবদুল হকের স্ত্রী সুফিয়া তাদের বাড়ীর পূর্ব পাশে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রেখেছেন। ফলে এসব পরিবারের লোকজন প্রায় দুই মাস ধরে এই রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী নূরুল ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
আব্দুল হকের স্ত্রী সুফিয়া বলেন, ‘আমরা কোনো রাস্তা দখল করি নাই। নূরুল ইসলাম আমাদের বাড়ির পশ্চিম পাশে চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। ফলে আমরা বের হতে পারছি না। তাঁরা রাস্তা থেকে বেড়া সরিয়ে নিলে আমরাও এই রাস্তা খুলে দেব।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল মঞ্জু বলেন, গ্রামের এই রাস্তা খুলে দেওয়ার জন্য কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু দুই পক্ষেরই অসহযোগিতার কারণে সমাধান করতে পারছি না।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা.. বলেন, ‘অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এসএম মাসুদ