
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে এবং গণপূর্ত বিভাগের সহযোগিতায় নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রাসেল মিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকারের অন্যতম অংশ। পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য শহর গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই আবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য হলো নিরাপদ, পরিকল্পিত ও মানবিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের গুরুত্ব তুলে ধরা।



