print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, আগস্ট, ২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৯টি স্যালু চালিত ড্রেজার ধ্বংস করা হয়েছে। ৩১ জুলাই শনিবার বিকেলে উপজেলার ভোগাই নদীর নয়াবিল ও শিমুলতলা স্লুইচগেইট এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। ওইসময় নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি হয়।
জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর শিমুলতলা স্লুইসগেইট ও নয়াবিল বাজারের পূর্ব পাশে অবৈধভাবে নদীর তীর ধ্বংস করে বালু উত্তোলন করে আসছিল।

খবর পেয়ে শনিবার বিকেলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় নয়াবিল বাজারের পূর্ব পাশে ৬টি ও শিমুলতলা স্লুইসগেইট এলাকায় ৩টিসহ মোট ৯টি স্যালুচালিত ড্রেজার ধ্বংস করা হয়। একইসাথে অবৈধভাবে উত্তোলিত ৩০ হাজার ঘনফুট বালু সরকারের অনুকূলে জব্দ করা হয়।