print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, রংপুর

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা দাস, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ এবং জেলা বিএনপির নেতা জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।