
প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২
রংপুর প্রতিনিধি ঃ
রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন। এ পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যহত হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৬০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাদশাহ ওসমানী
ব্যুরো প্রধান
রংপুর।


