print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, আগষ্ট,২০২২

রায়হান হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধিঃ-

মাদারবাড়ীস্থ রায়হান ফুডসকে ৭০ হাজার টাকাসহ বিভিন্ন অপরাধে ২৭ ব্যক্তিকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা, মেয়াদ বিহীন মিষ্টি রাখা ও কারখানায় কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদপত্র না থাকায় মাদারবাড়ী যুগীচাঁদ মসজিদ লেইনের রায়হান ফুডস এর বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর কদমতলী মোড় থেকে পশ্চিম মাদারবাড়ী সড়কের মাজার পর্যন্ত ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার পাইপ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।