print news || Dailydeshsomoy

পাবনা জেলা প্রতিনিধি ঃ

24/10/2020

পাবনার চাটমোহরে বিয়ের যাত্রী বোঝাই বাস উল্টে আহত ১৫

পাবনার চাটমোহরে বিয়ের বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়। শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাদারী মন্ডলের ছেলে কালাম মন্ডলের বিয়ে উপলক্ষ্যে যাত্রীবাহি একটি বাস একই উপজেলার ফৈলজানা থেকে কনেসহ ফিরছিল। পথে নিম্নচাপে বৈরি আবহাওয়ায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিনের বাড়ির পাশের পুকুরে উল্টে যায়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে বাসের ভেতরে থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের উদ্ধার করে। বাসের ৩০ জন যাত্রীর মধ্যে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের হাসপাতাল, স্থানীয় পল্লী চিকিৎসকসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে বাস উল্টে থাকায় নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে অনুসন্ধান চালায়। কিন্তু কারো সন্ধান পাওয়া যায়নি। দূর্ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ও চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, বাসটির নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বাসটি তুলতে হবে। আর বাসটি তোলার জন্য পরিবহণ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হয়েছে। তারা লোকবল পাঠিয়ে বাসটি তোলার ব্যবস্থা নিচ্ছে।