
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পটুয়াখালীর গলাচিপায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবুজর মু. ইজাজুল হক-এর উদ্যোগ ও সমন্বয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে উঠান বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বৈঠকে এডিস মশার প্রজননস্থল, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। তাই লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি গলাচিপা পৌর এলাকার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।



