print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭ এপ্রিল,২০২১

মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী প্রতিনিধিঃ

মির্জাগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি ও তরমুজের দাম বেড়ে যাওয়ায় আড়তে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মির্জাগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী মোঃ আল আমিন কে তিন হাজার, নয়া সরদার কে দুই হাজার ও সাহেবআলিকে এক হাজার জরিমানা করা হয়। তাৎক্ষণিক সব জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বলেন, সাধারণ মানুষের অভিযোগ ছিল ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে ওজনে কেজি হিসেবে বিক্রি করেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ফল আড়তের বেশির ভাগ ব্যবসায়ী মণ হিসেবেই কিনে আনেন। কিন্তু কেউ কেউ কেজি প্রতি ২০ টাকাও লাভ করেছেন।

তিনি আরো বলেন, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করতে পারবেন, এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করতে পারবেন না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বেচতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ও উপস্থিত ছিলেন।