
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট:
“তরুণ জাগলে নেতৃত্বে আসে পরিবর্তন, আর নেতৃত্বের পরিবর্তনই সমাজকে এগিয়ে নিয়ে যায়”— এমন প্রত্যয় ব্যক্ত করে লালমনিরহাটের তরুণদের সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
শনিবার (২২ আগস্ট) লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে অবস্থিত হামার বাড়ি হলরুমে তরুণদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন একেএম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ জাগলে নেতৃত্বে আসে পরিবর্তন, কণ্ঠে জাগুক নেতৃত্ব, নেতৃত্বে আসুক পরিবর্তন। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
তিনি আরও বলেন, “তরুণদের কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি, সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হতে হবে। সাহসিকতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ পায়।”
আলোচনা সভায় তরুণ নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষতা, সচেতনতা ও নেতৃত্বগুণ বিকাশের কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে একেএম মমিনুল হক বলেন, “আপনার কণ্ঠে নেতৃত্ব দিন—কথায় অনুপ্রেরণা ছড়ান, নেতৃত্বের মাধ্যমে অন্যকে ক্ষমতায়ন করুন। সমাজের কল্যাণে কাজ করুন এবং পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেকে গড়ে তুলুন।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিসহ জেলার বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। বক্তাদের প্রাণবন্ত আলোচনা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভা শেষে তরুণদের উদ্দেশ্যে একটি আহ্বান জানানো হয়—“কথা বলুন, নেতৃত্ব দিন, পরিবর্তন গড়ে তুলুন; কারণ আগামী বাংলাদেশের নেতৃত্ব আজকের তরুণদের হাতেই।”



