
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার কলেজ শিক্ষক একরামুল হকের (আরিফুল ইসলাম নামেও পরিচিত) মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মরহুম শিক্ষকের জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজা শেষে তিনি বলেন, “একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা জরুরি। বিএনপি সবসময় নিহতের পরিবারের পাশে থাকবে।”
এদিকে, কলেজ শিক্ষক একরামুল হকের মৃত্যুতে মোগলহাট ইউনিয়নজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।



