
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী রফিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাসেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিক নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হলেও প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, রফিক সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। বিশেষ করে ফুলবাড়ী থেকে লালমনিরহাটে মাদক পাচারের সঙ্গে তিনি জড়িত বলে স্থানীয়দের দাবি। মাদক ব্যবসার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তার নামে-বেনামে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ কোটি টাকার সম্পদ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সম্প্রতি তার মাদক ব্যবসা ও অপরাধ কর্মকাণ্ড নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রাসেল। এরপর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে পড়েন বলে অভিযোগ। এক পর্যায়ে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। তবে হামলার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে।
সাংবাদিক রাসেল বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করে সমাজের ক্ষতিকর কর্মকাণ্ড তুলে ধরেছি। মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে আমার ওপর হামলা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সচেতন নাগরিকরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।



