
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁদের উচ্চশিক্ষার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন অতিথিরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্মুক্ত মঞ্চে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিক-উজ্জামান।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা গ্রহণের জায়গা নয়; এখান থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনটি উপভোগ করেন শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের কয়েকজন বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনটি তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিবেশে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় রয়েছে তাঁদের।



