
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ:
“অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি একটি গৌরবের বিষয়। দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পাঁচ দশকের গৌরবময় পথচলা, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতে ব্যাংকটির সামগ্রিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আইএফআইসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “৫০ বছরের এই দীর্ঘ পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের পরিক্রমা নয়; বরং এটি গ্রাহকদের আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও মানুষের পাশে থাকার এক অনন্য যাত্রা।”
তিনি ব্যাংকের দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য সকল গ্রাহকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “৫০ বছর পার হলো, পথচলা এখনও বাকি। আপনাদের সঙ্গে নিয়েই আইএফআইসি ব্যাংক আরও অনেক দূর এগিয়ে যাবে—গ্রাহকদের কাছে এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।”
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ৬ হাজারের বেশি কর্মী এবং দেশব্যাপী ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আইএফআইসি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার বেশি এবং বর্তমানে ২৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছেন।



